সভ্যতাকে বিকশিত করেছে শিক্ষা। আর সে শিক্ষা অর্জনের জন্য যুগে যুগে গড়ে উঠেছে বিদ্যাপীঠ। মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। সুশৃঙ্খল ও আদর্শ জাতি বিনির্মাণের স্বপ্ন নিয়েই গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল যাত্রা শুরু করে ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর। প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের অনুশীলন পাঠদানের সুবিধা দিয়ে এসেছে এ বিদ্যালয়টি।
সবুজে ঘেরা নয়নাভিরাম দৃশ্যপট ও সুবিস্তীর্ণ প্রান্তরের মাঝে সোনালি ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। স্কুলটি প্রতিষ্ঠায় ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে আসেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের তৎকালীন অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওসমান গনি। তদানীন্তন জনশিক্ষা বিভাগের পরিচালক জনাব মুহম্মদ শামসুল হক স্কুলটির কার্যক্রম উদ্বোধন করেন। সে সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল ১৪ জন। অসীম সাহস আর ব্রত নিয়ে প্রথম এ স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে হাল ধরেছিলেন সর্বজন শ্রদ্ধেয় জনাব খান মুহম্মদ সালেক। তাঁর অক্লান্ত শ্রম, দূরদর্শিতা ও সুব্যবস্থাপনায় স্কুলটি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।
কালের প্রবাহে অনেক ঘটনা অতীতের গর্ভে বিলীন হয়ে যায়, আবার কিছু কিছু ঘটনা ইতিহাসে ঠাঁই করে নেয়। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলেরও রয়েছে অর্ধশতাব্দীর নানা অর্জনের ইতিহাস, গৌরবময় অধ্যায়। গৌরবদীপ্ত এ ইতিহাস স্কুলটিকে পৌঁছে দিয়েছে হিমালয়ের উচ্চতায়।